নড়াইলের লোহাগড়া উপজেলার মাদক কারবারি, হত্যাসহ ১১ মামলার আসামি রিপন মোল্লাকে (৩৫) গণধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে লোহাগড়া থানা পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
রিপন লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বাসিন্দা। এক নারীকে গণধর্ষণের অভিযোগে গত শনিবার রাতে লোহাগড়া থানায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় আরও আসামি করা হয় কুমড়ি গ্রামের ওহিদুল মোল্লা (২৬), তালবাড়িয়া গ্রামের নুরনবী মোল্লাসহ (২৫) অজ্ঞাত চার-পাঁচজনকে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘ধর্ষণের বিষয়টি পরিবার থেকে জানানো হয়নি। নড়াইল সদর হাসপাতালে ভর্তি হওয়ায় সদর থানা পুলিশের মাধ্যমে গত শুক্রবার বিষয়টি জানতে পারি। গতকাল ভোরে রিপন বাড়ি ফিরলে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন মাদকের একজন বড় ডিলার। চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে মাদক এনে এলাকায় সরবরাহ করে থাকে। ধর্ষণ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
