ভিভোর সঙ্গে চুক্তি বাতিলকে ‘ছোট ঘটনা’ বলছেন সৌরভ

আপডেট : ১০ আগস্ট ২০২০, ১০:৪২ এএম

চীনের মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভোর সঙ্গে আইপিএলের চুক্তি বাতিলের ঘটনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, এতে তাদের তেমন কোনো আর্থিক ক্ষতি হবে না।

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া অনলাইন সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘ভিভো সরে গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও আর্থিক মন্দা নেই। এটা একটা ছোট ব্যাপার। যা পেশাদারিত্বের মাধ্যমে কাটিয়ে উঠতে হবে।’

‘আমাদের মনে রাখতে হবে একটা জিনিস যেমন একদিনে পাওয়া যায় না, তেমনি সেটা একদিনে চলে যায় না। ভারতীয় ক্রিকেট বোর্ড একটা শক্তিশালী সংস্থা। ক্রিকেট প্রশাসকেরা বিসিসিআইকে এতটাই শক্তিশালী করেছে যে এই সব ব্যাপার সামলানোর ক্ষমতা আমাদের আছে।’

সৌরভ বলেন, ‘করোনা আবহে খেলা শুরু করার ক্ষেত্রে ইংল্যান্ড বাকি দেশগুলোকে প্রেরণা দেবে। ওখানে ক্রিকেট হচ্ছে, ফুটবল হচ্ছে। এটা আত্মবিশ্বাস জোগাবে বাকিদের। ওরা যদি দেশের সব জায়গায় যেতে পারে, ক্রিকেট করতে পারে তাহলে আমরাও পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত