নড়াইলের চিত্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে আবির মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে শহরের চরের ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে দুপুরে চরের ঘাট এলাকায় চিত্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় আবির ।
জানা গেছে, নড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকার বাসিন্দা লিটন মণ্ডলের ছেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আবির মণ্ডল সোমবার দুপুরে শিশু তাহসিনকে কে নিয়ে বাড়ি পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়।
সেখান থেকে তারা সাঁতার কেটে নদী পাড়ি দিয়ে অপর পারে যায় এবং ফিরে আসার সময় তাহসিনকে একটি নৌকায় তুলে দিয়ে নিজে সাঁতার কেটে পার হওয়ার সময় আবির ডুবে যায়। পরে নড়াইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা অনুসন্ধান করে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
ডুবুরীসহ স্থানীয়রা ধারণা করছেন অধিক সাঁতারের কারণে বেশি ক্লান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
এদিকে আবিরের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
