মান্দায় সার কালোবাজারে বিক্রি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ১০:৪৬ পিএম

নওগাঁর মান্দায় পাট চাষিদের ভর্তুকির সার কালোবাজারে বিক্রয়ের সময় কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লার ঘনিষ্ঠ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

রবিবার বেলা ১২ টার দিকে উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের ছোট চক চম্পক দাখিল মাদ্রাসার মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সকালে মান্দা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লাসহ তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেছে।

আটককৃতরা হলো, উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের আন্দারিয়া পাড়া গ্রামের মেহের আলী পিয়াদার ছেলে জুলহাজ ইসলাম ভোলা (৪০) ও একই ইউনিয়নের নাপিত পাড়া গ্রামের জয়েন উদ্দিন মৃধার ছেলে গোলাম মোস্তফা (৪১)।

জানা যায়, পাট অধিদপ্তর থেকে পাট চাষের জন্য কৃষকদের মাঝে ভর্তুকির সার বিতরণের জন্য কাশোঁপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লাকে দেওয়া হয়। রবিবার বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে একটি ভ্যানে করে দুই বস্তা ইউরিয়া ও দুই বস্তা এমওপি (পটাশ) সার জুলহাজ ইসলাম ভোলা ও গোলাম মোস্তফা ভর্তুকির সার কালোবাজারে বিক্রয় করার উদ্দেশ্যে ছোট চক চম্পক মাদ্রাসার মোড়ে নিয়ে এক সার ব্যবসায়ীর কাছে বিক্রয় করার সময় স্থানীয় লোকজনদের সন্দেহ হলে জুলহাজ ইসলাম ভোলা ও গোলাম মোস্তফা আটক করে স্থানীয়রা। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা উপস্থিত হয়ে আটককৃতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত এলাকাবাসীকে ইউপি চেয়ারম্যান ও ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেন। পরে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

এ বিষয়ে কাশোঁপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় সোমবার সকালে পাট উন্নয়র কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাশোঁপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লাসহ তিন  জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ইউনিয়ন পরিষদের হেফাজতে থাকা ভর্তুকির সার কীভাবে কালোবাজারে বিক্রয়ের জন্য নেওয়া হল তা তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত