১৩২ কোটি টাকা আত্মসাৎ

শহীদ মনসুর মেডিকেলের পিডিসহ ২ জনের নামে মামলা

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৬:২৮ এএম

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে কেনাকাটার নামে ১৩২ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে পাবনায় (সমন্বিত জেলা কার্যালয়) মামলাটি করেন। মামলার আসামিরা হলেন হাসপাতাল নির্মাণ প্রকল্পের পরিচালক (পিডি) ডা. কৃষ্ণ কুমার পাল ও মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যালের প্রোপ্রাইটর মো. জাহের উদ্দিন সরকার।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন, পিপিএ ২০০৬, পিপিআর ২০০৮ লঙ্ঘন করে সরাসরি ক্রয় পদ্ধতিতে মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানিকে কাজ দেওয়া হয়। এরপর বেঙ্গলের জাহের উদ্দিন তার মালিকানাধীন হংকংয়ের প্রতিষ্ঠান প্রিভেন্ট কোম্পানি লিমিটেড থেকে মেডিকেল সরঞ্জাম কেনা ও সরবরাহের নামে ১৩২ কোটি ৫০ লাখ ৪ হাজার ১৪৭ টাকা স্থানান্তর করেন।

কার্যাদেশ ও এলসির মেয়াদ শেষ হলেও স্পেসিফিকেশন অনুযায়ী হাসপাতালকে কোনো সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়নি। কেবল জাহাজীকরণ দলিলে এক্সসেপটেন্স দিয়ে স্থানান্তর করা অর্থ থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ৭০টি মেডিকেল পণ্যের কার্যাদেশ দেওয়া হয়, যার কার্যাদেশ মূল্য ৩৭ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৬৪৬ টাকা। একই পরিমাণ অর্থ ইউরো আকারে প্রিভেন্ট কোম্পানির সিটি ব্যাংক হংকং লিমিটেডের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত