দীপিকা-রণবীরের প্রতি অশ্লীল আক্রমণ, বাদ পড়লেন না আয়ুষ্মান

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:৫০ পিএম

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে এর আগেও বিষোদ্‌গার করেছেন কঙ্গনা রনৌত। ফের তাদেরই নিশানা করলেন। সঙ্গে যোগ হলো আয়ুষ্মান ‍খুরানা।

টুইটারে একজন লিখেছিলেন, ‘‘রণবীর কাপুরের একাধিক ছবি ফ্লপ করার পরও তাকে ছবি দেওয়া হয়। আর তারা বলেন, স্বজনপোষণের জোরে বড়জোর ডেবিউয়ের সুযোগ মেলে।’’

এ টুইটের সুযোগ কঙ্গনা ছাড়েননি। অশ্লীলভাবে আক্রমণ করে লেখেন, ‘‘রণবীর কাপুর ইজ আ সিরিয়াল স্কার্ট চেজার বাট নো ওয়ান ডেয়ার কল হিম আ রেপিস্ট।’’ দীপিকাকেও টেনে এনে কঙ্গনা বলেছেন, ‘‘দীপিকা নিজেকে মানসিক রোগী বলে জাহির করে কিন্তু কেউ ওকে সাইকো বা ডাইনি বলে না। এগুলো তাদের জন্য ব্যবহার করা হয়, যারা সাধারণ পরিবার থেকে এসেছে।’’

সম্প্রতি তাপসী পান্নু, স্বরা ভাস্করদেরও নিশানা করেছিলেন কঙ্গনা। তালিকায় নতুন সংযোজন আয়ুষ্মান খুরানা।

স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে এক টুইটে লেখেন, “তিনটি কারণে (সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা) রিয়া ও ‘নেপো কিড’দের পক্ষ নিচ্ছেন আয়ুষ্মান। বলিউডে টিকে থাকতে এবং ইয়াশ রাজ ব্যানারে অভিনয় করতে। তৃতীয়ত সুশান্ত ছিলেন তার প্রতিপক্ষ।”

সেই টুইট শেয়ার করে কঙ্গনা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতাকে মুভি মাফিয়ার বহিরাগত তোষামোদকারী আখ্যা দেন। তিনি বলেন, ‘‘চাটুকারেরা মিডিয়া মাফিয়াদের মন জুগিয়ে চলে। এরা সুযোগসন্ধানী, অন্যের বিবাদের সুযোগ নেয়।’’

সুশান্তর মৃত্যুর পর থেকেই বলিউডের ‘মুভি মাফিয়া’দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কঙ্গনা। আলিয়া ভাট, করণ জোহর থেকে বন্ধু অনুরাগ কাশ্যপ— কাউকেই ছেড়ে কথা বলছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত