চিরিরবন্দরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর পুকুরে মিলল ২ ভাইয়ের লাশ

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৩:২৮ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনা ভাদুরিয়া পাড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর দুই শিশুর লাশ পুকুরের পানিতে ভেসে  উঠেছে।

মঙ্গলবার বাড়ির পাশে অবস্থিত পুকুর থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পরিবারের সদস্যরা।

মৃত দুই শিশু হল- উপজেলার সাইতাড়া ইউনিয়েনের খোচনা ভাদুরিয়া পাড়ার মনমোহন দাসের পুত্র ছোটন দাস (১০) ও একই গ্রামের ধনঞ্জয় দাসের পুত্র টমাস দাস (১২)। তারা দুজনে খালাত ও মামাত ভাই ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সকাল ১০টা থেকে ছোটন দাস ও টমাস দাস বাড়ির পাশে মাঠে খেলতে যায়। একপর্যায়ে ছোটন দাসের কাকা তাদেরকে বাড়ি যেতে বলেন।  পরে বাড়ির দিকে রওনা হলেও তাদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পাশে অবস্থিত পুকুরে তাদের লাশ ভেসে উঠে। লাশ দেখে স্থানীয়রা চিৎকার করলে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। একই সাথে দুই শিশুর লাশের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) পানিতে পরে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুরা খেলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত