গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ব্যান্ডো ফ্যাশন লিমিটেড কারখানাটি সাইনবোর্ড এলাকা থেকে শ্রীপুরে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় কর্র্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানার সামনে টানানো নোটিস দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কর্র্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। কারখানাটি শ্রীপুরে স্থানান্তর করা হয়েছে। শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহীরা সেখানে কাজে যোগ দিতে পারবেন। অন্য শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়া হবে।
