সাতক্ষীরায় একই মাদ্রাসার দুই ছাত্রসহ তিনজন নিখোঁজ

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০২:০৪ পিএম

সাতক্ষীরায় দুদিনে তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। এর মধ্যে একই মাদ্রাসার দুজন ছাত্র রয়েছে।

সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৯ অগাস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সঙ্গে দুই ছাত্র বের হয়ে তারা আর ফেরেননি। নিখোঁজ হওয়া ছাত্ররা হলেন- সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাহাতুল ইসলাম (শাওন) ও কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার আইয়ুব হোসেনের ছেলে ইমামুল হোসেন।

এ ঘটনায় ছেলে শাওনের সন্ধান না পেয়ে তার বাবা জাহাঙ্গীর হোসেন ১০ আগস্ট সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং ১১ আগস্ট ইমামুলের চাচা আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।  

সাধারণ ডায়েরির বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, মো. রাহাতুল ইসলাম শাওন ও ইমামুল হোসেন বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসায় হেফজো বিভাগে পড়াশোনা করেন। গত  ৯ আগস্ট ২০২০ তারিখ বেলা ১১টার সময় তারা উক্ত মাদ্রাসা বের হয়ে আর মাদ্রাসায় ফিরে যাননি। বাড়িতেও যায়নি তারা। বিভিন্ন স্থানে,

আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েছে তাদের পরিবার কিন্তু তাদের কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।

নিখোঁজ শাওনের গায়ের রং-শ্যামলা, মুখমণ্ডল-গোলাকার, উচ্চতা-অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি। পরনে সাদা রঙের পাঞ্জাবি পরা ছিল। এ ছাড়া ইমামুল হোসেনের গায়ের রং-শ্যামলা, মুখমণ্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি।

এদিকে, সাতক্ষীরা সদরের তালতলা গ্রাম থেকে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া ওই বৃদ্ধের নাম নুরুল হক (৮৫)। তিনি তালতলা গ্রামের মৃত ধোনাই দালালের ছেলে। গত ১০ আগস্ট সোমবার সকাল থেকে বৃদ্ধ নুরুল হক নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে নিখোঁজ থাকা বৃদ্ধ নুরুল হকের স্ত্রী রাশিদা বেগম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টার দিকে বৃদ্ধ নুরুল হক চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে নুরুল হক বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে স্ত্রী রাশিদা বেগম সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ হওয়া নুরুল হকের গায়ের রং-ফর্সা, স্বাস্থ্য হালকা পাতলা, উচ্চতা পাঁচ ফুট ৩ ইঞ্চি, মাথার চুল হালকা-পাতলা পাকা, মুখে হালকা পাকা দাড়ি আছে। গায়ে লুঙ্গি ও পাঞ্জাবি পরা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত