আইপিএলে ডাক পাবেন বলে স্বপ্ন দেখছিলেন। অন্তত নেট বোলার হিসেবেও তাকে ডাকা হবে ভেবেছিলেন। কিন্তু আইপিএলের দিন এগিয়ে এলেও কোনো দলে তার জায়গা হয়নি। তাই প্রবল হতাশা গ্রাস করে ভারতীয় তরুণ ক্রিকেটার করণ তিওয়ারিকে। শেষ পর্যন্ত যিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সোমবার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের ঝুলন্ত লাশ উদ্ধার হয়।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন করণ। এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।
ডানহাতি পেসার করণ ঘনিষ্ঠমহলে ভীষণ জনপ্রিয় ছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে ধারাবাহিকভাবে বোলিং করতেন তিনি।
মুম্বাইয়ের মালাড অঞ্চলের কুরার এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন করণ। কয়েক দিন আগেই নাকি রাজস্থানে এক বন্ধুকে ফোন করে আইপিএলে সুযোগ না পাওয়া নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছিলেন।
এরপরেই অবস্থা বেগতিক দেখে রাজস্থানে করণের বোনকে পুরো ঘটনা জানায় সেই বন্ধু। সেখান থেকেই জানতে পারেন করণের মা। কিন্তু তখন সব শেষ। সোমবার রাত সাড়ে দশটায় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন করণ। এরপর তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
