খাবার নষ্ট না করার আহ্বান চীনের প্রেসিডেন্ট শি’র

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০২:৩২ পিএম

চীনে যে পরিমাণ খাবার নষ্ট করা হয় সেটাকে প্রেসিডেন্ট শি জিনপিং ‘বেদনাদায়ক ও কষ্টদায়ক’ বলে উল্লেখ করার পর এ ব্যাপারে বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

চলমান করোনাভাইরাস মহামারির কারণে খাবার নষ্টের বিষয়টি ‘উদ্বেগজনক’ হয়ে উঠেছে বলে মনে করেন শি। তাই চীনকে অবশ্যই ‘খাদ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা ধরে রাখতে হবে’ বলেও উল্লেখ করেন তিনি।

খাদ্য সুরক্ষা নিয়ে প্রেসিডেন্ট শি’র এমন মন্তব্যের পরই চীনে খাবার নষ্ট রোধে ‘ক্লিন প্লেট ক্যাম্পেইন’' শুরু করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি ব্যাপক বন্যায় দক্ষিণ চীনে ফসলাদির ব্যাপক ক্ষয়-ক্ষতির কয়েক সপ্তাহ পরই এই ক্যাম্পেইনের উদ্যোগ নিল জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশটি।

করোনাভাইরাস সংকটের পর বন্যা- এসব কারণে চীনে চরম খাদ্য সংকট দেখা দিতে পারে বলে অনেকের ধারণা। তবে এসব মন্তব্যকে ‘সংবাদমাধ্যমের উদ্বেগ’ বলে উল্লেখ করেছে দেশটির সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে বরং, যারা অহেতুক বেশি পরিমাণে খাবার খাচ্ছে তাদের সমালোচনা করা হয়েছে।

এসব প্রেক্ষাপটে উহান ক্যাটারিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনকে দেওয়া এক বার্তায় চীন প্রেসিডেন্ট শি বলেছেন, শহরটিতে রেস্টুরেন্টগুলোতে যেন ভোজনকারীদের সীমিত পরিমাণ খাবার দেওয়া হয়।

এ ব্যাপারে একটি নিয়ম অনুসরণের কথা বলেন শি, যেখানে ভোজনকারী সদস্য সংখ্যার চেয়ে অবশ্যই একটি খাবার কম অর্ডার করতে হবে। এই নিয়মের নাম দেওয়া হয়েছে ‘এন-১’। যেখানে ভোজনকারীদের সংখ্যা দশজন হলে খাবার অর্ডার করতে পারবে নয়টি।

তবে এই নিয়মের সঙ্গে জনসাধারণের অভ্যস্ত হয়ে ওঠার ক্ষেত্রে সময় লাগতে পারে বলে ধারণা তরা হচ্ছে। এ ছাড়া ‘এন-১’ ধারণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও চলছে দেশটিতে। কেউ কেউ এটাকে ‘খুব কঠিন’ নিয়ম বলে উল্লেখ করেছেন।

ব্লগে একজন লিখেছেন- “যদি কেউ একা কোনো রেস্টুরেন্টে যান, তাহলে তিনি কয়টা খাবারের অর্ডার করবেন?।”

অনেকে বলেছেন, সাধারণত রেস্টুরেন্টগুলোতে খুব বেশি খাবার নষ্ট করা হয় না। বরং সরকারি কর্মকর্তারাই অমিতব্যয়ী ভোজের আয়োজন করে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত