গাজীপুরে এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৯:২১ পিএম

গাজীপুর নগরীর কোনাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর রহমান অভিযানের নেতৃত্ব দেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোজাহীদ জানান, কোনাবাড়ী বাজার এলাকায় নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ-বিরোধী অভিযান চালানো হয়। এ সময় সাতটি দোকান থেকে প্রায় এক টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এছাড়া ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরের মালিক মো. শাহিনকে ২০ হাজার টাকা, মামুন স্টোরের মালিক মো. নয়নকে ৫ হাজার টাকা ও মেসার্স মীম প্যাকেজিং দোকান মালিক মো. মিজানুর রহমান মুন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ী রাজু আহমেদ, কামরুল, মো. হাফিজ খান ও সেলিম মিয়া পালিয়ে যান বলেও জানান তিনি।

অভিযানের সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহিদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত