মেহেরপুরের সাংসদ সাহিদুজ্জামান সপরিবারে করোনায় আক্রান্ত

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১১:০৩ পিএম

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য জানিয়েছে। এছাড়া সাহিদুজ্জামানের সহকারী, ব্যক্তিগত সচিব এবং গাড়িচালকও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। 

করোনায় আক্রান্ত ব্যক্তিরা হলেন- সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, তার স্ত্রী লাইলা আরজুমান, ছেলে সাদিউজ্জামান সাইফ, সামিউজ্জামান সামি, সহকারী রাশেদ রাইহান, ব্যক্তিগত সচিব সবুজ আহমেদ ও গাড়িচালক শামীম পারভেজ।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সাহিদুজ্জামান পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। গাংনী পৌর শহরের বাসায় তিনি সপরিবারে হোম আইসোলেশনে আছেন।

জেলা সিভিল সার্জন নাসির উদ্দিন জানান, সংসদ সদস্য কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত হলে করোনার সংক্রমণের সন্দেহ হয়। বৃহস্পতিবার সকালে তিনি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সবার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত