নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে আব্দুল মোল্লা (৮) মুস্তাকিম (৭) নামের দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে । নিহত শিশু দুজন সম্পর্কে চাচা ভাতিজা।
ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামে শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় তারা। আব্দুল মোল্লা সিরাজ খানের ছেলে ও মুস্তাকিম আব্দুল কাদিরের ছেলে।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে পরিবারের সাথে গ্রামের বাড়িতে ঈদে বেড়াতে আসে আব্দুল মোল্লা। দুপুরে জুম্মার নামাজের সময় মোল্লা ও পাশের বাড়ির সম্পর্কে ভাতিজা মুস্তাকিমসহ মোট তিন শিশু বাড়ির পাশেই পুকুর ঘাটে খেলছিল। এ সময় গোসল করতে মোল্লা ও মুস্তাকিম পানিতে নেমে যায়। অন্য আরেক ৬ বছরের মেয়ে শিশু ঘাটেই বসে থাকে। গোসলের সময় সিঁড়ি থেকে দূরে চলে গেলে সাঁতার না জানায় একজন অপরজনকে ধরে বাঁচতে চেষ্টা করলে দু’জনই তলিয়ে যায়। ঘাটে বসে থাকা শিশুটি বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাবেদুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুজন মারা গিয়েছে।
