বিশ্বের সবচেয়ে দামি মাছ বলে পরিচিত ব্লুফিন টুনার ঝাঁককে লাফালাফি করতে দেখা গেছে ইংলিশ চ্যানেলে। ডেভন কোস্ট এলাকা থেকে সম্প্রতি তাদের ছবি তোলেন ব্রিটিশ কায়কার রুপার্ট কার্কউড।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, এই মাছগুলো বাজারে কখনো কখনো লাখ টাকায়ও বিক্রি হয়। এমন চড়া দাম পৃথিবীতে অন্য কোনো মাছের নেই।
এক একটি মাছ গড়ে ৫.৬ ফুট লম্বা ও প্রায় ২৫০ কেজি ওজনের হয়ে থাকে।
আটলান্টিক ব্লুফিন টুনাগুলো প্রায়ই খাবারের সন্ধানে ছোট মাছ শিকারে নামে। ইংলিশ চ্যানেলেও মাছ শিকার করছিল তারা। তবে এভাবে সাধারণত মানুষের চোখে পড়ে না।
৬০ বছর বয়সী রুপার্ট কার্কউড জানান, স্থল থেকে প্রায় তিন মাইল গভীরে অবস্থান করছিলেন তিনি। সেসময়ই ডলফিন ও তিমির পাশাপাশি ব্লুফিন টুনার বিরল এই দৃশ্য দেখতে পান।
‘ব্লুফিন টুনাগুলো খাওয়ার উন্মত্ততায় প্রতিনিয়ত গর্জন করে যাচ্ছিল। প্রায় দুই ঘণ্টা ধরে এমনটা চলেছে।’
‘ওরা ছোট মাছগুলোকে পানির ওপর আছড়ে ফেলে ও নিচ থেকে প্রবল শক্তিতে আঘাত করছিল।’
