গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাইয়ের মেয়ের বিয়েতে চাচা মো. কাবুল সেখ সাটার গানের ফাঁকা গুলি বর্ষণ করে উল্লাস করেছেন বলে খবর পাওয়া গিয়েছে।
উপজেলার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে এ অভিনব ঘটনাটি ঘটেছে। এ নিয়ে ফেইসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
শুক্রবার কাবুল নিজের ফেইসবুক প্রোফাইলে সাটার গানের ফাঁকা গুলি নিক্ষেপের ভিডিও আপ করেন। সেখানে তিনি লিখেছেন, ভাতিজির বিয়েতে বন্দুক ফুটিয়ে আনন্দ উৎসব।
৬ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, কাবুল সাটার গান দিয়ে এক রাউন্ড গুলি বর্ষণ করে আনন্দ উল্লাস করছেন।
জানা যায়, গত ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের সঙ্গে পার্শ্ববর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দর ভূঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর কাবুল সাটার গান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে উল্লাস প্রকাশ করেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে মো. কাবুল সেখ বলেন, বন্ধুকটি বীর বিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃত্যুর পর ছেলে নান্নু সেখ তার নামে লাইসেন্স করে বন্ধুকটি রেখেছেন। এটি একটি বৈধ বন্ধুক। নান্নুর মেয়ের বিয়েতে আনন্দ উৎসব করার জন্য আমরা এক রাউন্ড গুলি ফুটিয়েছি মাত্র।
কাজটি বৈধ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি না জেনে ভুল করেছেন দাবি করে এই প্রতিবেদককে বলেন, আমি একজন গরিব মানুষ, আমি যেন বিপদে না পড়ি। ভিডিওটি তিনি ফেইসবুক থেকে ডিলিট করে দিয়েছেন উল্লেখ করে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ জানান তিনি।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
