গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর বনানী থানা এলাকার হোটেল ক্রিস্টাল ইন-এর একটি কক্ষ থেকে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান পুলিশের উপকমিশনার সুদীপ চক্রবর্তী দেশ রূপান্তরকে জানান, বনানী থানার এসআই শাহিন আলম গোপন সংবাদ পেয়ে হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪টি এইচপি ব্র্যান্ডের কম্পিউটার উদ্ধার করেন। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ঈদুল আজহার ছুটির মধ্যে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। ওই ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। চুরির ঘটনার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত গার্ডদের মধ্যে যারা অনুপস্থিত ছিলেন তাদের অননুমোদিত ছুটিতে থাকার বিষয়টিও তদন্ত করতে বলা হয় কমিটিকে। এছাড়া কম্পিউটার চুরির ঘটনায় গোপালগঞ্জ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। পরে দায়িত্বে অবহেলা ও অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ১৯ নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
