যুবলীগ কর্মীকে বিলের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১০:৩৮ এএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ীতে রবিউল বিশ্বাস (৩০) নামে এক যুবলীগ কর্মীকে পানিতে চুবিয়ে  হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে স্থানীয় মোনাই বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন বিশ্বাস বলেন, ‘রাতে ওই এলাকায় পুলিশি অভিযান পরিচালিত হয়। পুলিশ চলে যাওয়ার পর স্থানীয় একটি চক্র মোনাই বিলে যায়। এ সময় একটি নৌকায় অবস্থানরত রবিউলসহ ৩-৪ জনকে তারা ধাওয়া করে।’

 ‘ধাওয়া খেয়ে যে যার মতো সাঁতরে নিরাপদে আত্মরক্ষা করলেও রবিউল ওই সন্ত্রাসীদের হাতে ধরা পড়ে যান। অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা রবিউলকে পানিতে চুবিয়ে নির্মমভাবে হত্যা করেছে’ দাবি এই ছাত্রলীগ নেতার।

পরিবারের দাবি, রবিউল এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে নিয়মিত পাহারার ব্যবস্থা করতেন। এতে একটি গ্রুপ তার ওপর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে।

মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইউসুফ হোসেন জানান, এলাকায় বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করে। নিহত রবিউলও একটি মারামারি মামলার পলাতক আসামি ছিল।

কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, রবিউল বিশ্বাসের মৃত্যুর বিষয়ে এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত