আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ধোনির

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৯:০০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার এই ঘোষণা দেন ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ উপহার দেওয়া এই অধিনায়ক।

কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা, ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছে ভক্তরা। নানা জল্পনা, আলোচনা হলেও নিজের অবসর নিয়ে ধোনি কখনো মুখ খোলেননি। অবসর প্রসঙ্গে সদা নীরব থাকা ধোনি যখন মুখ খুললেন, তাতে থাকল সরে যাওয়ার ঘোষণা।

সন্ধ্যায় ইনস্টাগ্রামে ৪ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন ধোনি। বর্ণিল ক্যারিয়ারের নানা মুহূর্তগুলো দিয়েই ভিডিওটি তৈরি করেছেন। যার ক্যাপশনেই আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানার ঘোষণা দিয়ে দিয়েছেন।

৩৯ বছর বয়সী লিখেছেন, ‘পুরো ক্যারিয়ারজুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিন।’

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটিই হয়ে থাকল ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচের পর স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন। বিরতি থেকে ফেরার পর অবশ্য দলে ডাক পাননি।

আইপিএল খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে চান এমন আলোচনা ছিল। কিন্তু করোনার কারণে এ বছরের আইপিএল পিছিয়ে হবে সেপ্টেম্বরে। আর অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছর। সব মিলে ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে ছিল প্রশ্ন চিহ্ন। কাউকে কিছু বুঝতে না দিয়ে আচমকা অবসরের ঘোষণা দিয়ে সব প্রশ্নের ইতি টেনেছেন কিংবদন্তি। যদিও ধোনি আইপিএলে খেলবেন কিনা, এ ব্যাপারে কিছু বলেননি।

২০০৪ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। ২০১৪ সালে টেস্টকে বিদায় বলে দেন। সাদা পোশাকে খেলেছিলেন ৯০ ম্যাচ।

আর যখন আন্তর্জাতিক ক্রিকেটেই থামলেন, তখন তার নামের পাশে ৩৫০ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটে ধোনির রান যথাক্রমে ৪৮৭৬, ১০৭৭৩ ও ১৬১৭। আর তিন ফরম্যাট মিলে ৮২৯টি ডিসমিসাল তার।

অধিনায়ক হিসেবে ভারতকে শুধু দুটি ভিন্ন ফরম্যাটে বিশ্বকাপ জেতানো নয়, টেস্টে সেরা দল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। ধোনি একমাত্র অধিনায়ক যিনি আইসিসির তিন ইভেন্টে শিরোপাজয়ী অধিনায়ক। প্রথম ক্রিকেটার হিসেবে টানা দুই বছর আইসিসি সর্বসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন (২০০৮, ২০০৯) তিনি।

ক্রীড়াক্ষেত্রে অবদানে রাজীব গান্ধী খেলরত্ন (২০০৭), পদ্ম শ্রী (২০০৯) এবং পদ্ম ভূষণ (২০১৮) পুরস্কার পেয়েছেন ধোনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত