আড়াইহাজারে ঘরের মেঝে খুঁড়ে তরুণীর গলিত লাশ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৯:০৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের মাটি খুঁড়ে তরুণীর (২১) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে অজ্ঞাত তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  এ সময় তরুণীর পরনে ছিল হলুদ রঙের জামা ও গাঢ় নীল রঙের পায়জামা। মরদেহ নির্মাণাধীন টিনের ঘরের মেঝেতে বালির মধ্যে ৩ ফুট গর্ত করে রাখা হয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে নির্জন স্থানে পুঁতে রাখা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে- তা জানাতে পারেনি পুলিশ। আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজার সংলগ্ন মিশালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মাণাধীন ঘরটির মালিক ডালিম মিয়া নামে এক ব্যক্তি। তিনি একই এলাকার শাহাবদ্দিনের ছেলে। কাজ করতে এসে প্রথমে শ্রমিকেরা দুর্গন্ধ অনুভব করেন। পরে তারা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মেঝের মধ্যে বালির ভেতরে লম্বা চুল দেখতে পায়। পরে গর্ত খুললে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং মরদেহের অস্তিত্ব প্রকাশ পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার এসআই গাজী শামীম দেশ রূপান্তরকে জানান, তার বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে হতে পারে। মরদেহ নির্মাণাধীন টিনের ঘরের মেঝেতে বালির মধ্যে ৩ফুট গর্ত করে রাখা হয়েছিল। আশপাশের উৎসুক নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। তবে দুর্গন্ধে কেউ সামনে যেতে পারেনি।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, মনে হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে গুমের উদ্দেশে লাশ ঘরের মেঝেতে পুঁতে রেখেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত