ভাগ্যের লিখন একেই বলে! যুক্তরাষ্ট্রের যে ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন মা, সেখানেই ভর্তি হচ্ছেন সঞ্জয় দত্ত।
সঞ্জয়ের মা বলিউডের বিখ্যাত অভিনেত্রী নার্গিস। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-ক্যাটারিং ক্যানসারে সেন্টারে চিকিৎসার জন্য অনেক দিন ভর্তি ছিলেন তিনি, সেখানেই সঞ্জয় দত্তও ভর্তি হবেন জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।
গত মঙ্গলবার জানা যায়, লাং ক্যানসারের স্টেজ ফোরে ভুগছেন সঞ্জয়। চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেই যাচ্ছেন বলে খবর।
রবিবার মুম্বাইয়ের এক হাসপাতালে কিছু টেস্ট করাতে গিয়েছিলেন সঞ্জয়। এ দিন ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জয়কে নিয়ে পোস্ট দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু পরেশ গিলানি। নায়কের বায়োপিক ‘সঞ্জু’তে ভিকি কৌশল অভিনীত কমলি চরিত্রটির অনুপ্রেরণা ছিল পরেশ।
তিনি লেখেন, ‘‘অ্যামিউসমেন্ট পার্ক একপ্রস্ত ঘুরেছি ঠিকই। কিন্তু চলা এখনো শেষ হয়নি। আর একবার রোলার কোস্টার রাইডের জন্য তৈরি হতে হবে।’’
পরেশ তার পোস্টে সঞ্জয়ের উদ্দেশে লেখেন, ‘শের হ্যায় তু শের...’’, এ শিরোনামে একটি গান ব্যবহার হয় ‘সঞ্জু’ ছবিতে। যেখানে হাসপাতালে থাকা নার্গিসের শেষ দিকের গল্পের অনেকটাই উঠে এসেছে। ওখান থেকে সঞ্জয় জীবন অনেকটাই পাল্টে যায়।
