হাসপাতালে ভর্তি করা হয়েছে কণ্ঠশিল্পী আকবরকে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন গায়ক। ঈদুল আজহার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে।
আরও বলেন, “গতকাল (রবিবার) হাসপাতালে এসেছিলাম। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট না থাকার কারণে ভর্তি করাতে পারিনি। আজকে ভর্তি করিয়েছি। শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি।”
গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়ী পত্র) অনুদান দেন। আপাতত সেই অনুদানের টাকায় স্বামীর চিকিৎসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন কানিজ ফাতেমা।
কয়েক দিন আগে তিনি বলেন, “এর আগে একবার লোনের টাকা নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করিয়েছি। আবার ভারতে নিয়ে যেতে চাই। সঞ্চয়পত্রের টাকা ভাঙানো যাচ্ছে না। তিন মাস পর পর যে টাকা আসে, সেটা দিয়ে চিকিৎসার খরচ মেটানো যাচ্ছে না। প্রধানমন্ত্রীর অফিসে যোগাযোগ করে চেষ্টা করছি সঞ্চয়পত্রটা ভাঙানো যায় কিনা। এই টাকাটা তুলতে পারলে ভারতে নিয়ে যাব।”
এদিকে গত এপ্রিলের শেষের দিকে গণমাধ্যমে আকবরের অসুস্থতার খবর শোনার পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে আকবরের মিরপুরের বাসা যান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
সেই সঙ্গে অসুস্থ আকবরের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন সাংবাদিকদের কাছে। তখন আকবরকে নগদ ১০ হাজার টাকা তুলে দেন এবং একবার ডাক্তার দেখানোর ব্যবস্থাও করে দেন, পরে আর খোঁজ নেননি।
কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত।
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত এই গান তাকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি দেশে ও দেশের বাইরের দর্শক-শ্রোতাদের কাছে তাকে পরিচিত করে তোলে।
যশোর শহরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। সেখানে টুকটাক গান করতেন। তবে গান নিয়ে ছোটবেলা থেকে হাতেখড়ি ছিল না। আকবরের ভরাট কণ্ঠের গানের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর।
বাগেরহাটের একজন আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। ওই বছর ‘ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’-কিশোর কুমারের এই গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর।
সাত বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ। তাই আগের মতো এখন আর স্টেজ শো করতে পারেন না। সর্বশেষ গান গেয়েছেন ১১ জানুয়ারি, সাভারে। এরপর থেকে বিছানায়।
