দুরারোগ্য ক্যানসারের কাছে হার মানলেন জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় এহতেশাম সুলতান। না ফেরার দেশে চলে গেলেন রাষ্ট্রীয় পুরস্কার জয়ী এই ক্রীড়াবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সোমবার সকাল ৬টার দিকে এহতেশামের মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তার ছোট ভাই জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি।
তিনি জানান. গত কয়েক মাস থেকেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন এই হকি তারকা এহতেশাম। শনিবার তার অবস্থা অবনতি হলে ডা. আজমল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সময় এই ক্রীড়াবিদ স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রেখে গেছেন।
জনি জানান, গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন এহতেশাম। পরে তা ক্যানসারে রূপ নেয়। রোববার ছিল মায়ের মৃত্যুবার্ষিকী। পরের দিনই ভাইয়ের মৃত্যু।
“আজ আমাদের প্রচণ্ড শোকের দিন, গতকালই ছিল মায়ের মৃত্যুবার্ষিকী।”
এহতেশামদের পুরো পরিবারটাই ক্রীড়াপ্রেমী। ছয় ভাইয়ের মধ্যে চারজনই খেলাধুলা করতেন। দুই ভাই ইলহাম সুলতান ও ইমরান সুলতানও সর্বোচ্চ পর্যায়ে খেলা ফুটবলার ছিলেন।
এহতেশাম সুলতান পূর্ব পাকিস্তান দলে ১৯৬৮-৭০ পর্যন্ত হকি খেলেন। স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় দলের সদস্য ছিলেন। ১৯৭৮ সালে ঢাকায় শ্রীলঙ্কা বিপক্ষে হকি টেস্ট সিরিজে খেলেছেন। আশির দশকের শুরুর দিকে অবসরের পর জাতীয় দলের কোচও হয়েছেন। এশিয়া কাপ, এশিয়ান গেমসসহ অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ছিলেন।
মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন জানাজার পর মিরপুর কবরস্থানে দাফন হবে এহতেশামের।
