কত মানুষের কত ছোট-বড় ইচ্ছে জীবনে অপূর্ণ থেকে যায়। কিন্তু এই নারী করোনা জয় করে তার ছোট্ট অথচ, প্রিয় অপূর্ণ ইচ্ছা ১০৩ বছরে পূরণ করলেন।
আমেরিকার মিশিগানের বাসিন্দা ডরোথি পোলক জুন মাসেই তার ১০৩ বছরের জন্মদিন পার করেন। কিন্তু সেদিন তিনি তা সবার সঙ্গে পালন করতে পারেননি। মাস্কেগনের একটি নার্সিংহোমে তাকে জন্মদিনটি কাটাতে হয়। কারণ সেই সময় তিনি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার নার্স জানান, দীর্ঘদিন সবার থেকে বিচ্ছিন্ন থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
করোনাকে হারিয়ে শেষে ডরোথি বাড়ি ফেরেন। কিন্তু সম্প্রতি তার দীর্ঘদিনের অপূর্ণ শখ পূরণের ইচ্ছে হয়। তার ইচ্ছে ছিল, হাতে একটি পারমানেন্ট ট্যাটু করাবেন। কিন্তু ইচ্ছে থাকলেও কয়েক দশক তা পূরণ করার সুযোগ হয়নি। এখন তিনি ঠিক করেন, করোনা মহামারির মাঝেও তিনি সেই ইচ্ছে পূরণ করবেনই। যেমন ভাবা তেমন কাজ।
ডরোথির এক নাতনি টেরেসা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার দাদিকে তারা এমন মনমরা হয়ে থাকতে দেখেননি। নার্সিংহোম থেকে ফিরেও তিনি যেন স্বভাবিক হতে পারছিলেন না। তাই তারা ঠিক করেন, ঠাকুমার দীর্ঘদিনের ইচ্ছে পূরণের ব্যবস্থা হবে। সেই মতো ডরোথি এক ট্যাটু স্টুডিওতে যান। সেখানে তিনি একটি সবুজ রঙের ব্যাঙের ট্যাটু করেন।
ট্যাটু নিয়ে ডরোথির সেই খুশির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার নাতনি। সেখানে দৃশ্যতই তিনি বেশ উউচ্ছ্বসিত ছিলেন তার হাতে এমন একটা ট্যাটু করাতে পেরে। তিনি নিজেও সে কথা জানিয়েছেন।
ডরোথি জানিয়েছেন, তিনি ব্যাঙ পছন্দ করেন। অনেক দিন আগে তার এক নাতি ঠাকুমাকে এমন একটা ট্যাটু করিয়ে দিতে চান। কিন্তু তখন সেটা সম্ভব হয়নি। এত দিনে সেই ইচ্ছে পূরণ হল।
