মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া এলাকার আনিস হাওলাদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে সোমবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক নিতাই চন্দ্র সাহা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মামলার বিবরণী সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া নয়াচর এলাকার মৌজ আলী হাওলাদারের ছেলে আনিস হাওলাদার এবং যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলাম (৩৪) কে ২০১০ সালের ২১ মে চরমুগুরিয়া খাদ্যগুদামের পশ্চিম পাশে হতে ৫০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৫ হাজার ৫ শত টাকাসহ গ্রেপ্তার করে সদর থানার এস. আই সুলতান মাহমুদ।
মামলায় দীর্ঘদিন সাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক নিতাই চন্দ্র সাহা সোমবার দুপুরে আসামি আনিস হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায়ে অপর আসামি এমদাদুল ইসলামের কোন দোষ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন। আনিস হাওলাদার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুরের প্রখ্যাত মাদক সম্রাট আনিস হাওলাদারের কাছ থেকে ২০১০ সালে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছিল। সেই মামলায় সোমবার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক নিতাই চন্দ্র সাহা আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
