নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মো. আনোয়ার হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিলেন জিয়াউর রহমান।
সোমবার জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৪২টি দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে জিয়াউর রহমান শুধু পৃষ্ঠপোষকতাই করেননি, ইনডেমনিটি বিল জারি করে হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিলেন। খুনের সঙ্গে জড়িত ছিলেন বলেই জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গঠিত আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান টমাস উইলিয়ামকে বাংলাদেশে আসার ভিসা দেননি।
পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা মালা, পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান প্রমুখ।
