আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার বিদায়ের পর সীমিত ওভারের ক্রিকেটে ভারতের উইকেটকিপার কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স বেশ মজা করলেন। ধোনির অবসরে রিশভ পন্ত ও লোকেশ রাহুল শান্তিতে ঘুমিয়েছেন বলে মন্তব্য তার।
রঙিন পোশাকে ভারতের উইকেটকিপার হিসেবে ধোনির উত্তরসূরি দুজন। প্রথম জন অবশ্যই নিয়মিত উইকেটকিপার রিশভ পন্ত। দ্বিতীয় জন পার্ট টাইম কিপার লোকেশ রাহুল।
ধোনির উত্তরসূরি হিসেবে প্রথমে পন্তই প্রথম পছন্দ ছিলেন কোহলির। যদিও ভারতীয় দলে নিয়মিত সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি পন্থ। জায়গা হারিয়েছেন। সেখানেই লোকেশ রাহুল গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও এ বছর নিউজিল্যান্ড সফরে গ্লাভস হাতে দলকে ভরসা দিয়েছেন।
এছাড়া রাহুলের ব্যাটিংও ভালো। ওপেনিং, মিডল অর্ডারে একাধিক জায়গায় খেলতে পারেন। ফিনিশার হিসেবেও নিজেকে প্রমাণ করেছে। যে কারণে এখন পন্তের থেকে রাহুলকে এগিয়ে রাখতে দ্বিধা করেন না কোহলি।
ধোনির অবসরের পর ভারতীয় ক্রিকেটে দুই উইকেটকিপারের মধ্য কাকে নিয়মিত দেখা যাবে সেটি ভবিষ্যৎই বলবে। তবে ডিন জোন্স টুইটারে লিখেছেন, ‘ধোনির অবসরের পর লোকেশ রাহুল এবং পন্থের রাতের ঘুমটা ভালো হয়েছে।’
এই টুইট থেকেই পরিষ্কার ধোনি পরবর্তী যুগে পন্ত ও রাহুলকেই উত্তরসূরি বলে মানছেন জোন্স।
