মাগুরায় কবরস্থানের জমির সীমানা নিয়ে হামলায় যুবক খুন

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৮:২৫ এএম

কবরস্থানের জমির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের হামলায় মাসুদ শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পিয়াদাপাড়া গ্রামে সোমবার  সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের ইসমাইল শেখের ছেলে। মাসুদ পেশায় একজন ভ্যানচালক।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, আধিপত্য বিস্তার নিয়ে পেয়াদাপাড়া সামাজিক মাতবর নুরু মিয়া ও একই গ্রামের কালাম হোসেন মেম্বারের নেতৃত্বে দু’দল গ্রামবাসীর মধ্যে সামাজিক বিরোধ চলছিল।

সম্প্রতি ওই গ্রামে কবর স্থানের জমির নির্ধারণ নিয়ে দু’পক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের সূত্র ধরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালাম মেম্বার সমর্থকরা নুরু মিয়ার সমর্থক মাসুদ শেখকে বাড়ি থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত