সদ্য জাতীয় দল থেকে অবসর নেয়া মহেন্দ্র সিং ধোনি তার ‘শেষ ম্যাচটি’ নিজের শহর চেন্নাইয়ে খেলবেন বলে মন্তব্য করেছেন ভিভিএস লক্ষ্মণ।
ধোনি ২০১৯ সালের বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলেন। এরপর ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখলেও অবসর ঘোষণা করতে বেশ সময় নিলেন। দর্শকদের আশা সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলে ঠিকই তাকে দেখা যাবে।
‘প্রথমত, আমরা সবাই জানি চেন্নাই সুপার কিংসের প্রতি ধোনির আলাদা একটা টান আছে। তাই চেন্নাইয়ের হয়ে সে নেতৃত্ব দিতে থাকবে,’ মন্তব্য করে স্টার স্পোর্টসের ক্রিকেট শো’তে লক্ষ্মণ বলেন, ‘আমি মনে করি চেন্নাইয়ের হয়েই সে বিদায়ী ম্যাচ খেলবে। আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি শচীন যেভাবে ওয়াংখেড়ে থেকে বিদায় নিয়েছিলেন ধোনিও ঠিক তেমনি চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম থেকে বিদায় নেবে।’
‘শুধু ভারত নয়, পৃথিবীর সব দেশের দর্শকই সেই ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকবে। ’
২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষিক্ত ধোনি ওয়ানডে খেলেছেন ৩৫০টি। সঙ্গে ৯০ টেস্ট ও ৯৮টি টি-টোয়েন্টি খেলা এই ডানহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬ সেঞ্চুরিতে করেছেন ১৫ হাজারের বেশি রান। উইকেটের পেছনে ৮০০র বেশি ডিসমিসালে ব্যাটসম্যানদের ফেরত পাঠিয়েছেন সাজঘরে।
