জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।
আদেশের এক মাসের মধ্যে সংসদ সচিবালয়ের সচিবকে নির্দেশনা বাস্তবায়ন করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী সুবীর নন্দী দাস দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।
এ বিষয়ে পদক্ষেপ নিতে সংসদ সচিবের উদ্দেশে গত ৩০ জুলাই একটি নোটিশ পাঠান অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত ১২ জুলাই হাইকোর্টে আবেদনটি করা হয়। আবেদনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয়সহ সকল সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের শাখা ও প্রধান কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাস ও মিশনে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
রিটকারী আইনজীবী বলেন, জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় একটি সরকারি অফিস। তাই জাতীয় সংসদে অধিবেশন হলে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ সাংবিধানিক দায়িত্ব।
তিনি বলেন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশের আইনসভাতেই তাদের নিজ নিজ জাতির পিতা বা জাতীয় বীরদের প্রতিকৃতি বা ভাস্কর্য রয়েছে।
প্রসঙ্গত, আইনজীবী সুবীর নন্দী দাসের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২৯শে আগস্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ দেশের প্রতিটি আদালত কক্ষ বা এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দেয় যা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
