আর্চারি ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষার ফল স্বস্তির বার্তাই দিয়েছে। প্রথম ধাপে ৮ আর্চারসহ মোট ১৭ জনের কভিড-১৯ পরীক্ষা করায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। যাদের সবার ফলই নেগেটিভ এসেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে আর্চারি ফেডারেশন জানায়, ‘আজ জাতীয় আর্চারি দলের ৮ জন আর্চার, ২ জন প্রশিক্ষক, ১ জন প্রশিক্ষণ সহকারী এবং আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রের ৬ জনের মধ্যে ৪ জন স্টাফের কভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। সকলেরই করোনামুক্ত নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।’
প্রথম ধাপে পরীক্ষা করানোদের তালিকায় দেশসেরা আর্চার রোমান সানাসহ রয়েছেন রামকৃষ্ণ সাহা, ইমদাদুল হক, শাকিব মোল্লা, হাকিম আহমেদ, তামিমুল ইসলাম, আবদুর রহমান, প্রদীপ্ত চাকমা। এ ছাড়া ক্যাম্পের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিখ ও সহকারী কোচ জিয়াউল হকও রয়েছেন এই তালিকায়।
আর্চারদের করোনা পরীক্ষা করানো হয়েছিল ফেডারেশনের মেডিকেল কমিটির আহ্বায়ক ডা: মো. এহছানুল করিম এর তত্ত্বাবধানে। বিশেষ ব্যবস্থাপনায় স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নমুনা দেওয়া হয় খেলোয়াড়দের।
বুধবার থেকেই দুই বেলা অনুশীলন শুরু করতে যাচ্ছে আর্চাররা। ফেডারেশন প্রেরিত বিবৃতিতে বলা হয়, ‘আগামীকাল হতে সকাল ও বিকেল দুইবেলা টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে জাতীয় আর্চারি দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে।’
এদিকে দ্বিতীয় ধাপে ২৩ আগস্ট ৪ জন রিকার্ভ মহিলা আর্চার এবং তৃতীয় ধাপে ৩০ আগস্ট কম্পাউন্ড ডিভিশনের ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ মোট ৬ জন আর্চারের কভিড-১৯ পরীক্ষা করার জন্য নমুনা দেওয়া হবে।
করোনার কারণে মার্চ থেকে বন্ধ ছিল আর্চারদের অনুশীলন ক্যাম্প।
