পর্বতারোহী রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালক গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৮:৫৪ পিএম

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেয়া মাইক্রোবাসটির চালক মো. নাঈমকে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ।

মঙ্গলবার রাজধানীর ইব্রাহিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

মাইক্রোবাসের চালক নাঈম দুর্ঘটনার কথা শিকার করেছে বলে জানিয়েছে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী।

তিনি দেশ রূপান্তরকে বলেন, মাইক্রোবাসটির চালক নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি যে, দুর্ঘটনার সময় সেই গাড়ি চালাচ্ছিল। সে রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়ার কথা স্বীকার করে বলেছে, এটা একটা দুর্ঘটনা। তাৎক্ষণিক ভাবে সে বুঝতে পারেনি। পরে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হওয়া দেখে বুঝেছে দুর্ঘটনা ঘটেছে।

চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি তার ড্রাইভিং লাইসেন্স আছে। সে পেশাদার চালক।

রেশমার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, নাঈমকে আটকের পর প্রথমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

উল্লেখ্য, গত ৭ আগস্ট সকাল ৯ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রেশমা পর্বতারোহী, দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরিও করতেন।

২০১৯ সালের ২৪ আগস্ট ভারতের লাদাখে অবস্থিত স্টক কাঙরি পর্বত এবং ৩০ আগস্ট কাং ইয়াতসে-২ পর্বতে সফলভাবে আরোহণ করেন রেশমা। দুটি পর্বতই ছয় হাজার মিটারের বেশি উচ্চতার। ২০১৬ সালে বাংলাদেশের পাহাড় কেওক্রাডংয়ের চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয় রেশমার অভিযান। ওই বছরই মৌলিক প্রশিক্ষণের জন্য ভারতের উত্তরাখণ্ডের উত্তর কাশিতে অবস্থিত পর্বতারোহণ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান নেহরু ইনস্টিটিউট অব মাউন্টিইনিয়ারিংয়ে যান তিনি। কিন্তু অ্যাডভান্স বেসক্যাম্পে যাওয়ার পর তার পায়ে ফ্র্যাকচার হয়। দেশে ফেরার পর সুস্থ হতে লেগে যায় দীর্ঘদিন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে সফলভাবে পর্বতারোহণের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত