নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার অভিযোগ গঠন নিয়ে আগামী ২৩ আগস্ট শুনানির দিন ঠিক করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ১২ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার অন্যরা হলেন পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।
গ্রেপ্তারের দিন রাতেই তাদের নরসিংদীর বাসায়, ২৩ ফেব্রুয়ারি হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা প্রেসিডেন্সিয়াল স্যুটে এবং ফার্মগেটের ইন্দিরা রোডের রওশনস ডমিনো রিলিভো নামের ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা জব্দ করা হয়।
