শিপ্রার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা নেয়নি কক্সবাজার থানা

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৯:১৫ এএম

পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো, রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথের ডিজিটাল আইনে করা মামলার আবেদন গ্রহণ করেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাহেদুল ইসলাম সিফাতসহ একজন আইনজীবীকে নিয়ে থানায় যান শিপ্রা। কিন্তু, ঘটনাস্থল রামু থানা এলাকায় হওয়ায় মামলাটি গ্রহণে অস্বীকৃতি জানায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুজ্জামান।

তিনি মামলাটি কক্সবাজার সদর মডেল থানায় না করে রামু থানা অথবা আইসিটি ট্রাইব্যুনালে করার পরামর্শ দেন।

ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে পুলিশ কর্মকর্তাসহ অন্তত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলার আবেদন করা হয়েছিল।

শিপ্রার আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু জানান, সিনহা নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি শিপ্রা জেল থেকে ছাড়া পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ব্যক্তিগত ছবি-ভিডিও ফেইসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সামাজিকভাবে শিপ্রা বিপর্যস্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, ‘এ কারণে সুষ্ঠু বিচারের পাওয়ার আশায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ও ঢাকা পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করতে থানায় এসেছি। কিন্তু, কক্সবাজার সদর থানার পুলিশ আমাদের মামলাটি গ্রহণ করেনি।’

মাহবুবুল বলেন, ‘ঘটনাস্থল রামু থানা এলাকা হওয়ায় মামলাটি রামু থানা অথবা আইসিটি ট্রাইব্যুনালে করার পরামর্শ দিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. খায়রুজ্জামান।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলাটি রামু থানায় করবো নাকি আইসিটি ট্রাইব্যুনালে করবো তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ব্যক্তিগত ছবি ফেইসবুকে পোস্টকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন বলে জানান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত