পিরোজপুরে ‘মোবাইল ফোন নিয়ে বিরোধ’কে কেন্দ্র করে এক কলেজছাত্রের হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার রাত ৯টার দিকে মঠবাড়িয়া উপজেলা পৌর শহরের হাসপাতাল ব্রিজে হামলার ঘটনা ঘটে।
আহত কলেজছাত্র শুভ শীল (২০) মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী এলাকার শ্যামল শীলের ছেলে এবং মঠবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
গুরুতর আহতাবস্থায় কলেজ শুভকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, শুভ শীলকে হাতের কব্জি আলাদা অবস্থায় হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শুভ শীল জানান, পূর্ব শত্রুতার জেরে রাত ৯টার দিকে মঠবাড়িয়ার হাসপাতাল ব্রিজে ১০/১২ জনের একটি দল তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপ দিতে থাকলে তা ঠেকাতে গিয়ে তার হাতে আঘাত লাগে। এতে করেই তার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান মিলু জানান, মোবাইল ফোন নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ চেষ্টা করছে।
