ফরিদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১০:২০ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার আসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা থানার বিনুকদিয়া মাঝিকান্দা গ্রাম থেকে মো. সালাহউদ্দিন (২৬) নামে ওই জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সালথা থানার রামকান্তপুর গ্রামে। গ্রেপ্তারের সময় তার থেকে জঙ্গি সংগঠনের চারটি বই জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের আগে সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত