ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের বলেছেন, ‘সরকারি কর্মচারীরা শাসক নন, তারা সেবক’ বঙ্গবন্ধুর এই অনুশাসন বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে জনগণকে তার কাক্সিক্ষত সেবা প্রদান করুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ডিএনসিসি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীভিত্তিক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানটি ডিএনসিসির বিভিন্ন কার্যালয়ে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মেয়র এবং কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে থেকে অনলাইনে যোগদান করেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জনগণকে কাক্সিক্ষত সেবা প্রদান করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল লক্ষ্য’ বঙ্গবন্ধু এ কথা বিভিন্ন সময়ে স্মরণ করিয়ে দিতেন। বঙ্গবন্ধু তার এই চিন্তাধারার প্রতিফলন ঘটান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২১(২) অনুচ্ছেদে ‘সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।’
