শ্রীলঙ্কা সফরে মুমিনুল হকদের জন্য নতুন ব্যাটিং খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানসহ দু-তিন জনের নাম রয়েছে আলোচনায়। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি প্রধান আকরাম খান।
দক্ষিণ আফ্রিকান নিল ম্যাকেঞ্জি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে আসছেন। মূলত সাদা বল অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তবে গত বছর ভারত সফর থেকে লাল বলেও টাইগারদের নিয়ে কাজ করতে সম্মত হন তিনি।
তবে করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কায় যেতে চাইছেন না ম্যাকেঞ্জি। পরিবার রেখে প্রায় দুই মাস দূরে থাকতে চান না তিনি। তাই বিসিবি খুঁজে নিচ্ছে বিকল্প।
আকরাম খান বলেন, ‘এটি ঠিক যে ম্যাকেঞ্জি শ্রীলঙ্কায় যেতে কম আগ্রহী... শেষ পর্যন্ত যদি নাই যায়, সে ক্ষেত্রে অন্য কাউকে নিতে হবে। সম্ভাব্য দু-তিনজন আছে। এদের মধ্যে আছে নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানও।’
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও নতুন ব্যাটিং কোচের সন্ধানের কথা নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফর অনেক লম্বা। দলের সঙ্গে একজন ব্যাটিং কোচ থাকবেন। তবে নিশ্চিত হয়নি কে থাকবেন। দু-তিন জনের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’
