পাকিস্তানে ধোনির মতো অধিনায়ক দরকার: কামরান আকমল

আপডেট : ২১ আগস্ট ২০২০, ০১:১৯ এএম

নিজের ব্যক্তিগত কোনো অর্জন নয়, শুধু দলের জন্য ভাবতেন মহেন্দ্র সিং ধোনি। এই গুনটিই ভারতের সাবেক অধিনায়ককে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন পাকিস্তানি ক্রিকেটার আকরাম আকমল। একই সঙ্গে বলেছেন, পাকিস্তানে এখন ধোনির মতো একজন অধিনায়ক দরকার।

৩৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আকমল তিন বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে। তবে একটা সময় পাকিস্তান দলে ছিলেন নিয়মিত মুখ। ধোনির বিদায় নিয়ে তিনি কথা বলেছেন পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সঙ্গে।

সেখানেই ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা আকমল বলেন, ‘ধোনি দলের জন্য সবকিছু করতে পারেন। পুরো দল নিজের সঙ্গে নিয়ে চলত। অনেক অধিনায়ক আছে যারা শুধু নিজেদের জায়গা বাঁচাতে চায়। দল হারল কি জিতল তা নিয়ে ভাবে না। কিন্তু ধোনি অনেক বড় অধিনায়ক। সে পুরো দল তৈরি করেছিল।’

ধোনিকে প্রশংসায় ভাসিয়ে আকরাম আকমল আরো বলেন, ‘ওর নিজের পারফরম্যান্স ছিল অসাধারণ। ধোনি সব সময় নিজের দলের জন্য, দেশের জন্য ভালো পারফর্ম করতে চাইতেন। আর তাই দলকে এক নম্বরে তুলতে পেরেছিলেন তিনি।’

এরপরই পাকিস্তানে ধোনির মতো অধিনায়ক দরকার বলে মন্তব্য করে। কামরান বলেন, ‘আমি ইনজি ভাই (ইনজামাম উল হক) ও ইউনিস ভাইকে (ইউনিস খান) দেখেছিলাম। তারাও এরকম অধিনায়ক ছিলেন। নিজেদের জায়গা বাঁচানোর জন্য খেলতেন না। পুরো দলকে সঙ্গে নিয়ে চলতেন। এই মানসিকতা আমাদের দেশের এখনকার অধিনায়কদের মধ্যে নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত