দুর্নীতি, অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন- হাইকোর্ট বিভাগের ঢাকা অ্যাফিডেভিট কমিশনার হিসাবে চলতি দায়িত্ব পালনকারী খান মো. সিরাজুল ইসলাম এবং কমিশনার অব অ্যাফিডেভিট হিসাবে দায়িত্বরত মো. আব্দুর রশিদ।
শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, তাদের সাময়িক বরখাস্ত করে ২০ আগস্ট আদেশ জারি করা হয়েছে।
তিনি জানান, দুজনের বিরুদ্ধে আনীত অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের অভিযুক্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুতর হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।
প্রসঙ্গত, মুর্শেদুল হাসান নামে এক বেঞ্চ অফিসারের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলায় আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গত ১৬ আগস্ট তাকে বরখাস্ত করে সুপ্রিম কোর্ট প্রশাসন। মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হন মুর্শেদ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
