টাঙ্গাইলের সখীপুরে খোরশেদ আলম (৬৫) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাত ও মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায় নিশ্চিত করেছেন ।
সে সখীপুর উপজেলার বড়চালা গ্রামের মোকদম আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে হানিফ বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।
এই ঘটনায় একই গ্রামের মোকছেদ ও সানোয়ার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন জানান।
নিহত খোরশেদ আলমের ছেলে হানিফ শিকদার জানান, গত বৃহস্পতিবার ২০ আগস্ট রাতে বংকুরি বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মোকছেদ আলী, সানোয়ার হোসেন, তোতা মিয়া, আব্দুর রহিমসহ অজ্ঞাত ২/৩ জন খোরশেদ আলমকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে বুকের পাঁজরে আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে তার মুখে কীটনাশক ঢেলে দেয়। গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলম রাস্তার পাশে কাজী মিয়ার বাড়িতে গিয়ে পড়লে ওই বাড়ির লোকজন খোরশেদের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন এসে তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে এগারোটার দিকে খোরশেদ আলমের মৃত্যু হয়।
নিহত খোরশেদ আলমের দুই ছেলে সোলাইমান ও হানিফ শিকদার জানান, আসামিদের সঙ্গে তাদের জমিজমা ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্বশত্রুতার জের ধরে আসামিরা এই খুন করেছে বলে আহত অবস্থায় খোরশেদ আলম তাদের জানিয়েছেন।
অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর দুই আসামিকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডের আবেদন করে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশের এই ওসি জানিয়েছেন।
