কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে কাঁটাতারের বেড়ার বাইরে ভারতীয় নাগরিকদের বাড়িঘরে বাংলাদেশিদের অবাধ যাতায়াত আছে। আছে আত্মীয়তা আর সামাজিকতাও। নামাজ পড়েন একই মসজিদে। বিষয়টি অবৈধ হলেও দুই দেশের সীমান্তরক্ষীরা বিষয়টি জেনেও না জানার মতো করে চলছিল। কিন্তু বিধিবাম হলো দুই বাংলাদেশি নির্মাণশ্রমিকের।
ভুরুঙ্গামারী উপজেলার ময়দান সীমান্তে এক ভারতীয় নাগরিকের বাড়িতে কাজ করার সময় আটক হয়েছেন দুই বাংলাদেশি নির্মাণশ্রমিক। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ভারতের দীঘলটারি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
আটক বাংলাদেশিরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর ছেলে রাজমিস্ত্রি শামীম হোসেন (২৬) ও হামিদুল ইসলামের ছেলে শাহজালাল মিয়া (১৭)। তারা প্রতিদিন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ওই বাড়িতে কাজ করে আসছিলেন।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি।
