ঢাকার ধামরাইয়ে দুটি কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে একটি সবজিবাহী পিকআপের চালক ও সবজি বিক্রেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন সবজি বিক্রেতা। তাদেরকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে সবজি বিক্রেতা আব্দুল হেলাল (৬৪) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কইট্টা বরুন্ডি গ্রামের নইমুদ্দিনের ছেলে। তবে নিহত পিকআপ চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সবজি ব্যবসায়ী আব্দুর রহমান জানান, মানিকগঞ্জের আটিগ্রাম থেকে সবজিবোঝাই করে পিকআপ নিয়ে বাইপাল যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুল হেলাল। তাদের বহনকারী গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌঁছালে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের দুটি গাড়ির মাঝখানে অবস্থান করছিল। এ সময় হঠাৎ পেছনের কাভার্ডভ্যানটি সবজিবাহী পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারলে সামনের কাভার্ডভ্যানের সঙ্গে চাপা খেয়ে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সবজি ব্যবসায়ী আব্দুল হেলাল। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া এ ঘটনায় আহত অবস্থায় আরও দুই ব্যবসায়ীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে একটি পিকআপের চালক ও এক ব্যবসায়ী মারা গেছে। এদের মধ্যে সবজি ব্যবসায়ী পরিচয় পাওয়া গেলেও চালকের পরিচয় পাওয়া যায়নি।
