ফুলবাড়ীতে অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১০:২২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অপহরণের তিন দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ । গুরুতর অসুস্থ ওই স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামে। আটক যুবকদের বিরুদ্ধে অপহরণ  ও ধর্ষণ মামলা করে রোববার জেল হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়,  গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ অনন্তপুর গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী রাতে  প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘর থেকে বের হন । এ সময় ওঁৎপেতে থাকা একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে হ‌ুমায়ূন কবীর (২৬) ও একই ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শামীম হোসেন সুজন (২৭) মেয়েটির মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায় । পরদিন মেয়েকে না পাওয়ায় অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে শুক্রবার ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন অভিভাবকেরা।

ঘটনার তিন দিন পর শনিবার রাতে অপহরণকারীদের আত্মীয়, উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের মনছার আলীর ছেলে একরামুল হকের বাড়ি থেকে ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয় । এ সময় পুলিশ অপহরণকারী দুই যুবককে আটক করেন।

রোববার মেয়ের বাবা বাদী হয়ে, চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মেয়েটির বাবা দোষীদের বিরুদ্ধে উপযুক্ত বিচার দাবি করেছেন।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, মেয়ের বাবা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মেয়ের জবানবন্দী রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত