ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে গত মাসের বিস্ফোরণের ঘটনাটি ‘নাশকতা’ ছিল বলে জানিয়েছে দেশটি। যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানায় তেহরান।
ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরোজ কামালবন্দি রবিবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিরাপত্তা তদন্ত দল নিশ্চিত হয়েছে এটা নাশকতা ছিল এবং এটা নিশ্চিত যে নাতাঞ্জে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।’
বেহরোজ বলেন, ‘কীভাবে বিস্ফোরণ ঘটেছিল এবং কোন পদার্থ ব্যবহার করা হয়েছিল... যথাসময়ে নিরাপত্তা কর্মকর্তারা তা ঘোষণা করবেন।’
জুলাইয়ের শুরুতে দেশটির আন্ডারগ্রাউন্ড নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ওই মাসে দেশটির সাতটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা।
এর আগে জুনের শেষ দিক থেকে ইরানের সেনা ও পারমাণবিক স্থাপনা এবং শিল্পাঞ্চলে বেশ কিছু বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কয়েকজন ইরানি কর্মকর্তার দাবি, এটি সাইবার নাশকতা হতে পারে। এ ধরনের আক্রমণের জন্য তেহরান কোনো দেশকে ছাড় দেবে না বলেও সতর্ক করে দেন তারা।
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, এ ধরনের নাশকতার পেছনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হাত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও তেহরান এখনো তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ করেনি।
