বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভিডিও ধারণ: যুবক গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৬:৫১ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগে তানভির আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তার তানভির আহমেদ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের বাসিন্দা।

রবিবার রাত সোয়া ৯টায় ফুলবাড়ী থানায় ওই যুবকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই তরুণী (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তানভির আহমেদের সঙ্গে ২০১৯ সালের জানুয়ারি মাসে ফোনে পরিচয় হয় তাদের। পরে স্থানীয় রেস্টুরেন্টে দেখা করেন তারা। এরপর থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল তানভির। এক পর্যায়ে চলতি বছরের ২২ জুন পৌর এলাকার একটি আবাসিক হোটেলে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তানভির।

ওই তরুণী অভিযোগ করেন, ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে তানভির। রবিবার ওই আবাসিক হোটেলে ডেকে নিয়ে আবারো ধর্ষণে উদ্যত হলে তরুণী কৌশলে তার বন্ধুকে ফোনে ঘটনা জানায়। তার বন্ধু স্থানীয়দের নিয়ে ওই হোটেল থেকে তরুণীকে উদ্ধার করে।

পরে রাত সোয়া ৯টায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ‘মামলা হওয়ার পর সোমবার সকালে আসামি তানভিরকে কোর্টে চালান দেয়া হয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়। আইন অনুযায়ী আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত