মাদক বিক্রি ছেড়ে দেওয়ায় বাড়িতে হামলা, কুপিয়ে জখম

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৭:০৬ পিএম

এক সময় মাদক বিক্রি করতেন কালু (২৮)। তার মাদক বিক্রির কারণে নেতিবাচক প্রভাব পড়তো পরিবারের ওপর। এ ছাড়া পুলিশের ভয় তো রয়েছেই। একরকম অনিশ্চিত জীবন যাপন করতো কালুর পরিবার। সম্প্রতি কালু তার মায়ের কথায় মাদক বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। 

এ কারণে কালুর সঙ্গে শত্রুতা তৈরি হয় এক সময়কার সহযোগীদের সঙ্গে। এরই জের ধরে রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনিতে কালুর বাড়িতে হামলা চালায় স্থানিয় মাদক কারবারীরা। হামলায় কালুর ছোট ভাই জাহিদকে কুপিয়ে আহত করে তারা। 

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

কালুর মা হাছিনা সাংবাদিকদের বলেন, আমার ছেলে কাল্লু  পক্ষী মজিবরের ছেলে নাহিদ ও মিজানের সঙ্গে মাদক বিক্রি করত। মাদক বিক্রি করায় তার নামে কয়েকটা মামলাও হয়েছে। করোনার মধ্যেও জেল খেটে এসেছে। পরে আমার কথায় সে মাদক বিক্রি বন্ধ করে দেয়। এতে নাখোশ হয়ে নাহিদ, মিজান ও হৃদয় আমার ছেলেকে মারধর করে। আমার গলায় ছুরি ধরে বলে, গেছে মাদক বিক্রি না করলে এলাকায় থাকতে দেব না। আমার দোকান ও বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে। সন্ত্রাসীরা আমার বড় ছেলে কালুকে না পেয়ে কলেজ পড়ুয়া ছোট ছেলে জাহিদকে কুপিয়ে জখম করে। পরে আমরা ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে থানায় অভিযোগ করতে বলে গেছে। কিন্তু আমরা ভয়ে যেতে পারছি না।

এ বিষয়ে অভিযুক্ত নাহিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি সত্য নয়। প্রথমে তারা আমার ভাইয়ে ওপর হামলা করে। আমরা কোনো হামলা করি নাই।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আ. রাজ্জাক জানান, মাদক কেনা-বেচা নিয়ে একটি হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর আমরা সেখানে গিয়েছি। থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত