চমেক ছাত্রাবাসে হামলার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১০:৫২ পিএম

১৫ আগস্টের কর্মসূচি পালনের পূর্বপ্রস্তুতি হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিনের আদালতে মামলাটি করেন হামলায় আহত চমেকের ডেন্টাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন দত্ত। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্তর নির্দেশ দিয়েছে।  

মামলায় বাদীর আইনজীবী অ্যাড. শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম জানান, আদালত মামলাটি পিবিআইকে তদন্তর নির্দেশ দিয়েছে। মামলায় ২৬ জন অভিযুক্তের মধ্যে চমেকের ১১ জন ইন্টার্ন চিকিৎসকও রয়েছে। এ ছাড়া বাকি ১৫ জন চমেকের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

প্রসঙ্গত, উল্লিখিত অভিযুক্তরা সবাই নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। আর মামলার বাদী শাওন দত্ত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের পূর্বপ্রস্তুতি হিসেবে চমেক ছাত্রাবাসের লবিতে একদল শিক্ষার্থী সমবেত হয়। এরপর দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্রাবাসে তারা নিজেদের কক্ষে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে যাচ্ছিল। কক্ষ থেকে ফেরার পথে হাবিবুর ও শিমুলের নেতৃত্বে ৩০-৩৫ জন অতর্কিতে হামলা করে। এতে মামলার বাদী শাওনসহ কয়েকজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসা নেয়।

১৩ আগস্ট রাতে পাল্টাহামলার অভিযোগে ১৪ আগস্ট সকাল থেকে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা সেবা বন্ধ করে দেয়। তখন নগরীর চকবাজার থানায় একটি মামলা দায়েরের পর নওফেলের অনুসারী ১১ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে ওই ১১ শিক্ষার্থীকে জামিন দেয় আদালত।

এর আগে গত ১২ জুলাই চমেক ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারিতে কমপক্ষে ১৩ জন আহত হয়। এরপর নওফেলের অনুসারী চমেক ছাত্রলীগের নেতা খোরশেদুল আলম বাদী হয়ে ১১ চিকিৎসকসহ ৩৬ জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত