গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে ইমাদ পরিবহনের একটি বাস থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত একটার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানা, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা-পুলিশের যৌথ অভিযান সোমবার রাত পৌনে ১টার দিকে সাতটি দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়। যদিও আটকদের নামপরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
ইমাদ পরিবহনের সুপার ভাইজার মো. নুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে আটককৃত ৭ জন যাত্রী ঢাকার উদ্দেশে টিকিট কেটে বাসে ওঠেন। কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ফকিরহাট নেমে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। এরপর পুলিশের টিম নিয়ে ভাটিয়াপাড়া থেকে এদের অস্ত্রসহ আটক করে। আটককৃতরা ডাকাতির প্রস্তুতি নিলেও ডাকাতি করার সুযোগ পায়নি।
