আমির খানের ধর্মবিশ্বাস নিয়ে সাক্ষাৎকারটি ভুয়া!

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৩:১০ পিএম

অনলাইনে ভাইরাল হয়েছে আমির খানের পুরোনো এক সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছিলেন, স্ত্রী হিন্দু হলেও সন্তানদের ধর্ম হবে ইসলাম। তবে এমন সাক্ষাৎকারকে ‘ভুয়া হতে পারে’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও চিত্র সমালোচক সুভাষ কে ঝাঁ।

বলিউড হাঙ্গামায় তিনি দাবি করেন, অতীতের অভিজ্ঞতা এমনটাই বলছে। অনেক বছর আগে তিনি মিস্টার পারফেকশনিস্টের সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে এ নায়ক শৈশব, সিনেমার প্রতি আগ্রহ, বিয়ে ও সন্তানদের নিয়ে কথা বলেছেন।  

এমনও প্রশ্ন ছিল- সন্তানদের কাছে কোন ধর্মবিশ্বাস আশা করেন? জবাবে বেশ ভদ্রভাবেই আমির বলেন, “এটা খুবই ব্যক্তিগত প্রশ্ন। আমি কখনো আমার বা পরিবারের ধর্মবিশ্বাস নিয়ে প্রকাশ্যে কথা বলব না।”

সম্প্রতি ভারতে তারকাদের ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। এই উসকানিমূলক ঘটনাকে সুভাষ ‘দুষ্কর্ম’ মনে করেন।

কিছুদিন আগে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনলাইনে তোপের মুখে পড়েন আমির খান। সেই বিতর্কের সঙ্গে কঙ্গনা রনৌত জুড়ে দেন এই নায়কের স্ত্রী ও সন্তানদের ধর্মকে।

টুইটারে আমিরের পুরোনো একটি সাক্ষাৎকার শেয়ার করেন কঙ্গনা। যেখানে আমির খান বলেন, আমি স্পষ্ট করে বলেছি যে, আমার সন্তানরা শুধু ইসলাম ধর্মই অনুসরণ করবে।

এ নায়কের সাবেক ও বর্তমান স্ত্রী ধর্মে হিন্দু হওয়ায় বিষয়টি নিয়ে আক্রমণ করেন কঙ্গনা। তিনি বলেন, “হিন্দু+মুসলিম= মুসলিম হওয়া তো কট্টরপন্থী। বিয়ের ফলাফল শুধুমাত্র জিন ও সংস্কৃতির মিশ্রণ নয়, ধর্মেরও।”

সঙ্গে প্রশ্ন তুলে জানান, বাচ্চাদের আল্লাহর ইবাদতের পাশাপাশি শ্রীকৃষ্ণকে ভক্তি শেখানোই কি সেক্যুলারিজম নয়?

কয়েক বছর আগে আমির খান ভারতে বেড়ে চলা ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করেন। সে প্রসঙ্গ তুলেও অন্য টুইটে কটাক্ষ করেন ‘মণিকর্ণিকা’ নায়িকা।

তুরস্ক ভ্রমণ প্রসঙ্গে আরেক টুইটে বলেন, নানা কারণে এটা অবশ্যই চিন্তার বিষয়। কারণ আমির খান শুধু অভিনেতাই নন, ভারতের আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত। এই ‘ভণ্ডামি’র কারণে অনেকে আঘাত পেয়েছেন। তাই তাকে সবকিছু ব্যাখ্যা করতে হবে।

এমিনির সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনেকের অভিযোগ- দেশটি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে রয়েছে। এ ছাড়া ভারতের বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিল্লি সফরকালে আয়োজিত অনুষ্ঠানে বলিউডের অনেককে দেখা গেলেও ছিলেন না আমির। একই কারণে ক্ষমতাসীন দলের নেতারাও তাকে নিয়ে বিরূপ মন্তব্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত